অবরোধ চলবে,অমিতের সঙ্গে কথা হয়েছে: বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানে নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থাকার এক সপ্তাহ পর তার সঙ্গে দেখা করেছেন দলটির স্থায়ী কমিটির তিন সদস্য- ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
 রবিবার সন্ধ্যায় দলীয় প্রধানের সঙ্গে তাদের সাক্ষাত শেষে রফিকুল ইসলাম মিয়া উপস্থিত সাংবাদিকদের বলেছেন ‘খালেদা জিয়ার সঙ্গে ভারতের ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহের কথা হয়েছে। টেলিফোনে কথা বলার বিষয়টি চেয়ারপারসনও আমাদের নিশ্চিত করেছেন। পরে অস্বীকার করার বিষয়টি অমিতের ব্যক্তিগত।’
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে খালেদা জিয়ার কার্যালয়ে প্রথমে প্রবেশ করেন মাহবুবুর রহমান। এর দশ মিনিট সেখানে যান জমিরউদ্দিন সরকার ও রফিকুল ইসলাম মিয়া। আইনজীবী এ জে মোহাম্মদ আলীও সেখানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার পর রফিকুল ইসলাম মিয়া উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, অবরোধ কবে প্রত্যাহার হবে-সে বিষয়ে তারা দলীয় প্রধানের কাছে জানতে চাননি, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, আমরা বেশিকিছু চাইনি। শুধু ৫ জানুয়ারি সমাবেশ করতে চেয়েছিল‍াম। সরকার তা করতে দেয়নি। আলোচনা নিয়ে সরকার নানাভাবে ব্যঙ্গ করেছে। কিন্তু আমাদের নেত্রী এখনও আলোচনার পক্ষে।
তিনি বলেন, সরকার খালেদা জিয়াকে বন্দি করে রেখেছে। আর বন্দিকে  নিরাপত্তা দেয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। কিন্তু তাকে শারীরিকভাবে নির্যাতন করতে পুলিশি হেফাজতে রেখে পেপার স্প্রে করা হয়েছে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি আগের থেকে ভালো আছেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া নিজ কার্যালয়ে অবস্থানের পর তার সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে কার্যত এটিই প্রথম কোনো সাক্ষাত।