রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারি দল আওয়ামী লীগের সমাবেশস্থল থেকে দুই ও প্রবেশের সময় এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি বলে নিশ্চিত হওয়া গেছে।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার দুপুরে এই সমাবেশ শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সমাবেশে উপস্থিত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে জসিমউদ্দিন নামে এক যুবকের কাছ থেকে একটি পিস্তল এবং আবু সাঈদ মো. সায়েম নামে অপর যুবকের কাছ থেকে ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে গোয়েন্দা সংস্থা। এছাড়াও টিএসসি মোড় দিয়ে সমাবেশে প্রবেশের সময় মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সভাপতিকে আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ টিএসসির সামনে থেকে ঐ ছাত্রলীগ নেতাকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।