২০ দলীয় জোটের চলমান অবরোধের ৭ম দিনে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কে মানে তার অবরোধ? অবরোধ কোথায়?
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়াকে সন্ত্রাসের রানি, জঙ্গির রানি হিসাবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি আন্দোলনের নামে মানুষকে হত্যা করেন, খুন করেন। তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নিয়ে আপনি ভুল করেছেন। আপনার ভুলের মাশুল জনগণ কেন দিবে?
শেখ হাসিনা বলেন, বাংলার মানুষের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দিয়ে আবারো দেশকে এগিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে। আমরা এক বছর সফলতার সঙ্গে কাটিয়েছি।
তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, উনাকে (খালেদা জিয়া) কেউ অবরোধ করে রাখেনি। উনি যখন ইচ্ছা তখন বাড়ি যেতে পারেন। অবরোধের নামে উনি মানুষকে অবরুদ্ধ করে রেখেছেন। অবরোধের নামে মানুষকে হত্যা করলে কেউ তা সহ্য করবে না।
তিনি বলেন, জঙ্গিবাদ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা করবে তাদের ধরে আইনের হাতে সোপর্দ করতে হবে। তার জন্য যা যা দরকার আমরা করব।
সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন।
বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
বেলা একটা থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলীয় নেতা-কর্মীরা। তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সমাববেশস্থলে প্রবেশ করেন।
এদিকে আওয়ামী লীগের সমাবেশস্থল থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা সংস্থা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে একের পর এক মানুষ হত্যা করে চলেছেন।
শেখ হাসিনা বলেন, উনি (খালেদা জিয়া) ভোট বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু পারেন নি। দেশের মানুষ উনার নির্দেশকে উপেক্ষা করে ভোট দিয়েছে। আমরা বিজয়ী হয়েছি।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, বিচারে চলছে, চলবে কেউ তা বাধাগ্রস্ত করতে পারবে না।