হাজারতম ম্যাচ জয়ের স্বাদ পেলেন ফেদেরার

 
 
১ হাজারতম ম্যাচ জয়ের স্বাদ পেলেন রজার ফেদেরার। মাইলফলক ছোঁয়ার পাশাপাশি শিরোপা জয়েরও স্বাদ পেয়েছেন সুইজারল্যান্ডের এই টেনিস তারকা। ক্যারিয়ারে হাজারতম জয়ের ম্যাচে মিলোস রাওনিচকে হারিয়ে ব্রিসবেন ওপেনের শিরোপা জিতেছেন তিনি ।
 
রবিবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে রাওনিচ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও ফেদেরারের সঙ্গে পেরে ওঠেননি। দুই ঘন্টা ১৩ মিনিট লড়াইয়ের পর ৬-৪, ৬-৭ (২), ৬-৪ সেটে জিতে মাইলফলকে পা রাখেন ফেদেরার।
 
এই জয়ে জিমি কনরস ও ইভান লেন্ডলের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে হাজার ম্যাচ জেতার মাইলফলকে ছুঁলেন ফেদেরার। পুরুষ এককে কনরস ১ হাজার ২৫৩টি এবং লেন্ডল ১ হাজার ৭১টি ম্যাচ জেতেন।
 

এই জয়ের প্রতিক্রিয়ায় ফেদেরার বলেছেন, ‘বছরের পর বছর আমি অনেক টেনিস খেলেছি.. তাই এক হাজারতম জয় পাওয়া আমার কাছে অনেক কিছু এবং আমি এই ম্যাচটির কথা কখনো ভুলব না।’