দেশজুড়ে ১০ হাজার সেনা মোতায়েন করছে ফ্রান্স

গত সপ্তাহের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে ১০ হাজার সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। এছাড়াও ইহুদি স্কুলগুলোর নিরাপত্তা দিতে কয়েক হাজার পুলিশও মোতায়েন করা হবে।
প্রতিরক্ষামন্ত্রী জ্যঁ ইভ ল্য দুহিয়া বলেছেন, নিরাপত্তার ক্ষেত্রে স্পর্শকাতর ও অরক্ষিত এলাকাগুলোতে মঙ্গলবার সন্ধ্যা থেকে সেনা মোতায়েন করা হবে। সোমবার প্যারিসে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সাথে চলমান সংকট নিয়ে বৈঠকের পর এই বিশাল সংখ্যায় সেনা মোতায়েনের নির্দেশ দেন।
ফ্রান্সের ইতিহাসে দেশের অভ্যন্তরে এত বিশাল সংখ্যায় সেনা মোতায়েন এর আগে কখনো করা হয়নি।
এর আগে গত সপ্তাহে প্যারিসে একটি ব্যঙ্গাত্মক ম্যাগাজিন অফিসে সন্দেহভাজন দুই জন জঙ্গি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল নিয়ে হামলা চালালে ১২ জন নিহত হয়েছিলেন। এই ঘটনার পর একটি সুপারমার্কেটে কয়েকজনকে জিম্মি করার ঘটনায় আরো চার জন নিহত হয়েছিল। সূত্র: বিবিসি, আলজাজিরা