মোজাম্বিকে বিষাক্ত বিয়ার পানে ৫৬ জনের মৃত্যু


 মোজাম্বিকের উত্তরপশ্চিমাঞ্চলে বিয়ার পানে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক শিশুসহ ৫৬ জন মারা গেছে। ঐতিহ্যবাহী এই বিয়ার স্থানীয়দের কাছে ‘ফোম্বে’ নামে পরিচিত।
রবিবার তেতে প্রদেশের স্বাস্থ্য পরিচালক কার্লা মোসে রেডিও মোজাম্বিককে জানান, এই ঘটনায় অসুস্থ অবস্থায় ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে বিষাক্ত বিয়ার পান করে ওই ৫৬ জন মারা যায়।
দৈনিক পত্রিকা ভেরদাদে জানায়, দুই বছরের এক শিশুসহ যারা মারা গেছে তারা সকলেই শুক্রবার এক অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ওই বিয়ার খেয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভুট্টা দিয়ে এই বিয়ার তৈরি করা হয়।
এই বিষক্রিয়ার সঠিক কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। যেই মহিলা এই ‘ফোম্বো’ বিয়ার তৈরি করেছিলেন, তিনি ও তার পরিবারের সদস্যরাও এই ঘটনায় মারা গেছেন।
এদিকে এ ঘটনায় মোজাম্বিকের সরকার রোববার সন্ধ্যায় প্রকাশিত এক ডিক্রির মাধ্যমে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এএফপি