হংকংয়ে মিডিয়া ধনকুবেরের বাড়ি ও দপ্তরে হামলা



 হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া ধনকুবের জিমি লাইয়ের বাড়ি ও দপ্তরে সোমবার ভোরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। পুলিশ একথা জানায়।
অবাধ নেতৃত্ব নির্বাচনের দাবিতে দুই মাসেরও বেশী সময় ধরে বিক্ষোভের পর চীনের দক্ষিণাঞ্চলীয় এ নগরীতে উত্তেজনার মধ্যেই এ হামলা চালানো হলো। ডিসেম্বরে বিক্ষোভ শিবির তুলে দেয়া হয়।
প্রতিবাদ চলাকালে বিক্ষোভকারীরা লাইকে লক্ষ্যকরে পঁচা মাংস ছুড়ে মারে এবং তার অ্যাপল ডেইলি নিউজপেপারে বারবার হামলা চালানো হয়।
পুলিশ মুখপাত্র জানান, সোমবার প্রায় একই সময় লাইয়ের বাড়ি ও তার নেক্সট মিডিয়ার সদরদপ্তরে হামলা চালানো হয়। এখান থেকে তার অ্যাপল ডেইলি বের করা হয়। স্থানীয় সময় রাত দুইটার সামান্য আগে এ দুই হামলা চালানো হয়। তিনি এএফপিকে বলেন, ‘দু’ স্থানেই হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। আমরা এ দুই হামলার ঘটনা এখন যাচাই করে দেখছি।’
বিস্তারিত উল্লেখ না করে তিনি আরো বলেন, এ ব্যাপারে তদন্ত চললেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলার ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। -এএফপি