বাংলাদেশে বেলজিয়াম ও বুলগেরিয়ার দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত এবং বোতসোয়ানা ও নেসোথোর দায়িত্বপ্রাপ্ত হাই কমিশনার সোমবার বঙ্গভবনে পৃথকভাবে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
এই অনাবাসিক দূতগণ হচ্ছেন বেলজিয়ামের জন লুক্স, বুলগেরিয়ার পেটকো কোলেভ দোইকোভ, বোতসোয়ানার লেসেগো ইথেল মতসুমি ও লেসোথোর বোথাতা টিসিকোনে।
রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও এসব দেশের মধ্যে অর্থবহ সহযোগিতামূলক সম্পর্ক আরো উন্নয়নের অনেক সম্ভাবনা ও সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা বলেন।
রাষ্ট্রপতি তাদের বাংলাদেশে দায়িত্বপালনকালে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দূতগণ রাষ্ট্রপতিকে অবহিত করেন যে, বাংলাদেশের সঙ্গে তাদের সংশ্লিষ্ট দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারণে তারা কাজ করবেন। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রদূতগণ বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্টের একটি চৌকষ দল তাদের পৃথক পৃথক গার্ড অব অনার প্রদান করে। - বাসস