মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দীবাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশন থেকে তার কাছে সম্পদ বিবরণী দাখিলের এ নোটিশ জারি করা হয়েছে। দুদকের উপ-পরিচালক শেখ মো. ফানাফিল্যা স্বাক্ষরিত ওই নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, ফারাহ দীবা ডেসটিনি-২০০০ প্রতিষ্ঠানের একজন পরিচালক।
ওই নোটিশে ফারাহ দীবা ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উত্স ও সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণী নির্ধারিত ছকে কমিশনের সচিব বরাবর দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, কমিশনের প্রাথমিক অনুসন্ধানে ফারাহ দীবার বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। ২০০৪ সালের ৫ নম্বর আইনের ২৬ নম্বর ধারার ১ উপধারার ক্ষমতাবলে এ আদেশ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে ওই আইনের ২৬-এর উপধারা (২) অনুসারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।