মানুষ জানে কিভাবে খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা হয়েছে: রিজভী

 
খালেদা জিয়া ‘অবরুদ্ধ নন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, প্রধানমন্ত্রী দেশের জনগণকে বেকুব মনে করেন। তিনি মনে করেন তারা কিছুই বুঝে না। সারাদেশের মানুষ জানে কিভাবে খালেদা জিয়াকে পুলিশ ঘেরাও করে,গেটে তালা লাগিয়ে এবং বালির ট্রাক রাস্তায় রেখে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাস, গুম, খুন, হত্যা করে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দেশ চালাচ্ছে। কারা দেশে সন্ত্রাস সৃষ্টি করছে, কারা সন্ত্রাসের হোতা, তা দেশের জনগণের কাছে পরিস্কার।
গতকাল সাংবাদিকদেরকে রিজভী বলেন, সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। তারা জনগণকে অবজ্ঞা করে তাদের সম্মতি ছাড়াই জোর করে ক্ষমতা দখল করে আছে। এভাবে তারা দুঃশাসনকে দীর্ঘায়িত করতে পারবে না। এর পরিণতি হবে ভয়াবহ।
তিনি দলের যুগ্ম মহাসচিব মোহম্মদ শাহজাহান, সহ দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী সদস্য বেলাল আহমেদকে গ্রেফতারের নিন্দা ও অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।