আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন : খালেদা জিয়া

 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকার হটাতে তার ডাকা আন্দোলনে ঝাপিয়ে পড়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার বরাত দিয়ে একথা বলেন ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় আন্দোলন শুরু হয়েছে। এটি অব্যাহত থাকবে।তিনি দেশবাসীকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। বেগম খালেদা জিয়া বলেন,অবৈধ সরকারের বিরুদ্ধে যে গণতান্ত্রিক আন্দোলন চলছে তা সফল না হওয়া পর্যন্ত চলবে। এ আন্দোলন সফল করতেই হবে। এ ছাড়া কোনো বিকল্প নেই। ফরিদা ইয়াসমিন বলেন, খালেদা জিয়া শারীরিক অবস্থা এখন অনেক ভালো। তিনি অনেকটাই সুস্থ। সবার দোয়া চেয়েছেন।
এর আগে বেলা একটার দিকে ফরিদা ইয়াসমীনের নেতৃত্বে কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান মহিলা দলের ১০ নেত্রী।এ সময় তারা দলীয় চেয়ারপারসনের জন্য খাবার সঙ্গে নেন। খাবারের মধ্যে ছিল- মিষ্টি, পোলাও, সাদা ভাত, সবজি, মুরগীর মাংস, পিঠা, চিপস।অন্যদের মধ্যে কয়েকজন হলেন- মিলি জাকারিয়া, রেহানা আক্তার, রিটা আলী, রোকেয়া সুলতানা, আতিকা খন্দকার, তাসমিনা শাহীন, নিলুফার ইয়াসমিন নিলু প্রমুখ।