এয়ার এশিয়া বিমানের ভয়েস রেকর্ডার উদ্ধার



ইন্দোনেশিয়ার জাভা সমুদ্র উপকূলে বিধ্বস্ত এয়ার এশিয়ার যাত্রীবাহী বিমানের ব্লাকবক্সের পর এবার ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করেছে ডুবুরিরা। কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সকালে ধ্বংসাবশেষ থেকে ককপিট ভয়েস রেকর্ডারটি উদ্ধার করা হয়। এর আগে গত সোমবার বিমানটির ব্লাকবক্স উদ্ধার করা হয়। তারও আগে উদ্ধার করা হয়েছিল ফ্লাইট ডাটা রেকর্ডার।
উদ্ধার করা ককপিট ভয়েস রেকর্ডার থেকে যাবতীয় তথ্য বিশ্লেষণে তা দেশটির রাজধানী জাকার্তায় নেওয়া হয়েছে। ব্লাকবক্স ও ফ্লাইট ডাটা রেকর্ডারও পরীক্ষা-নিরীক্ষার জন্য সেখানে রয়েছে। এ দু’টি ডিভাইস তদন্তকারী দলকে উড়োজাহাজটির দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডাটা রেকর্ডারে সাধারণত বিমানটির গতি, কত উচ্চতায় উড়ছিল এসবসহ যাবতীয় টেকনিক্যাল তথ্য সংরক্ষিত থাকে। অন্যদিকে ভয়েস রেকর্ডারে বিমানের ককপিটে থাকা পাইলটদের কথোপকথন রেকর্ড হয়ে থাকে।
১৬২ আরোহী নিয়ে ২৮ ডিসেম্বর ভোরে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড়াল দেয়ার ঘণ্টা দেড়েকের মধ্যেই এয়ার এশিয়ার কিউজেড ৮০৫১ ফ্লাইটটি নিখোঁজ হয়।  পওে জানা যায়, উড়োজাহাজটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। এরপর আঞ্চলিক ও  আন্তর্জাতিক সহযোগিতায় উড়োজাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করে ইন্দোনেশিয়া। এখন পর্যন্ত উড়োজাহাজের প্রায় অর্ধশত আরোহীর লাশ উদ্ধারের দাবি করেছে উদ্ধারকারী দল।
এর আগে, ৭ জানুয়ারি জাভা শহরের কাছে উড়োজাহাজটির পেছনের অংশের সন্ধান পায় অনুসন্ধানকারী দল।