আইনজীবীদের কর্মবিরতি থাকায় শুনানি হলো না নুর হোসেনের মামলার। তাই নুর হোসেনকে ফের ২৮ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিল পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। মঙ্গলবার নুরকে দমদম জেল থেকে আদালতে আনা হয়। কিন্তু কোনো আইনজীবী আদালতে না আসায় বিচারক এই নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানি ৯ ফেব্রুয়ারি।
প্রায় ৬ মাসেও নুর হোসেনের মামলার চার্জশিট গঠন না হওয়ায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের বারাসাত জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুমিতা রায় ৩ জানুয়ারি মামলা পাঠিয়ে দেন জেলা জজ কোর্টে ডিস্ট্রিক্ট জজের এজলাসে। সেখানেই এদিন অনুপ্রবেশের অভিযোগে ভারতে ধৃত নারায়ণগঞ্জের নুর হোসেনের মামলার শুনানি হওয়ার কথাছিল। চার্জশিট না হয়ে নুরকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো নির্দেশ দেয়নি আদালত।
উল্লেখ্য, কলকাতার উপকণ্ঠে বাগুইহাটির কৈখালির ইন্দ্রপ্রস্থ এপার্টমেন্ট থেকে গত ১৪ জুন গ্রেপ্তার হন নারায়ণগঞ্জের ৭ খুনের আসামি নুর হোসেন এবং তার ২ সঙ্গী। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ, অস্ত্র আইন এবং জুয়া খেলার অভিযোগে মামলা আনা হয়। ওই ফ্ল্যাটেই থাকত সুব্রত বাইন।