সাড়ে ১৮ হাজার কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন

১৮ হাজার ৪শ ৪ কোটি টাকার ৫টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে ৪টি নতুন এবং ১টি সংশোধিত প্রকল্প। মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) ১৪ হাজার ২শ ১২ কোটি টাকা ও প্রকল্প সাহায্য ৪ হাজার ১শ ৯২ কোটি টাকা।
শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, মঙ্গলবার তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩)-১ম সংশোধিত অনুমোদন করা হয়। প্রকল্পটি ২০১১ সালের আগস্টে যখন প্রথম অনুমোদিত হয় তখন এর ব্যয় ধরা হয়েছিল ২২ হাজার ১শ ৯৬ কোটি টাকা। সংশোধিত প্রকল্প হিসেবে গতকাল এর ব্যয় নির্ধারণ করা হয় ১৮ হাজার ১ শ ৫৪ কোটি টাকা। অর্থাত্ ৪ হাজার ৪২ কোটি টাকা ব্যয় কমানো হয়।
তিনি বলেন, মূল অনুমোদিত প্রকল্পে উপবৃত্তি কর্মসূচী এবং শিক্ষার জন্য খাদ্য কর্মসূচীতে যথাক্রমে ৩ হাজার ৩শ ৫১ কোটি টাকা ও ১ হাজার ৯শ ৫৭ কোটি টাকা বরাদ্দ ছিল। কিন্তু এ দুটো কর্মসূচীর জন্য আলাদা আলাদা প্রকল্প ইতিমধ্যে নেয়া হয়েছে। এজন্যই সংশোধিত প্রকল্প থেকে এ দুটো কর্মসূচী বাদ দেয়া হয়েছে।
সভায় শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত নতুন ৩টি প্রকল্পের অনুমোদন দেয় হয়। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রী হল নির্মাণের লক্ষ্যে ৭৪ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেয়া হয়। ২০১৮ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। ১০০০ আসনের ছাত্রী হল, ড.ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট স্থাপন এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিরিয়ারিং বিভাগ এবং ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা ল্যবরেটরিও এ প্রকল্পের আওতায় স্থাপিত হবে।
অপরদিকে, ভোলায় একটি টেক্সটাইল ইনস্টিটিউট তৈরির জন্য ৬৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়। সম্পূর্ণ সরকারি অর্থায়নে জুলাই, ২০১৪ থেকে জুন, ২০১৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে বস্ত্র পরিদপ্তর। সভায় জানানো হয় ভোলায় এ টেক্সটাইল ইন্সটিটিউটটি স্থাপিত হলে প্রতি বছর ৮০ জন বস্ত্র প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি হবে।
রাজশাহী ও চট্টগ্রামে আধুনিক প্রশিক্ষণ সুবিধাদিসহ দুটি ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা করার জন্য সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৭৯ কোটি টাকার অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। জুলাই, ২০১৪ থেকে জুন, ২০১৭ মেয়াদে বিকেএসপি প্রকল্পটি বাস্তবায়ন করবে। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে, ৩২ কোটি টাকা ব্যয়ে চুয়াডাঙ্গায় একটি শিল্পনগরী স্থাপন প্রকল্প। সভায় জানানো হয় এ প্রকল্পের আওতায় ১৬৯টি ক্ষুদ্র ও মাঝারী শিল্প ইউনিট স্থাপন করা হবে। এর মধ্যে ৬০০০ বর্গফুটের এ টাইপ প্লট থাকবে ৬২টি। ৪৫০০ বর্গফুটের বি টাইপ প্লট ৪৩টি। ৩০০০ বর্গফুটের সি টাইপ প্লট রয়েছে ৪৬টি। বাকি ১৮টি বিভিন্ন সাইজের এস টাইপ প্লট স্থাপিত হবে।