রাজধানীতে দুই শিশু হত্যার দায়ে আসামি লিটন ও রঞ্জনকে নিন্ম আদালতের দেয়া মৃত্যুদন্ডাদেশ বহাল রেখেছে হাইকোর্ট। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি শহীদুৃল ইসলাম ও বিচারপতি কেএম কামরুল কাদেরের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ভীষ্মদেব চক্রবর্তী ও আসামিপক্ষে মো. খবির উদ্দিন ভুঁইয়া শুনানি করেন।
খবির উদ্দিন ভূঁইয়া জানান, ২০০৮ সালের ২৯ এপ্রিল জুয়েল (১০) ও বিপ্লব (৭) নামে দুই প্রতিবেশী শিশু রাজধানীর নয়াটোলার বাসা থেকে বের হয়ে হারিয়ে যায়। ১ মে পার্শবর্তী একটি পরিত্যক্ত বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ওইদিনই জুয়েলের বাবা আলাল উদ্দিন রমনা থানায় অজ্ঞাতনামদের আসামি করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় পরের মাসে লিটন ওরফে কসাই লিটন এবং রঞ্চনকে গ্রেফতার করে পুলিশ।
আসামিরা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পরে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
২০০৯ সালের ৫ আগষ্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ আসামিদেরকে মৃত্যুদন্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা।
একইসঙ্গে মৃত্যুদণ্ডদেশ অনুমোদনের জন্য তা হাইকোর্টে আসে। আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদন্ড বহাল রাখে। পরে ভীষ্মদেব চক্রবর্তী সাংবাদিকদের জানান, হাইকোর্ট আসামি লিটন ও রঞ্জনের ফাঁসির দন্ড বহাল রেখেছে।