প্রায় ১৭ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগে মায়া ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার কমিশন এ মামলার অনুমোদন দেয়। শিগগিরই মামলাটি দায়ের করা হবে বলে কমিশন সূত্র জানিয়েছে।
দুদক সূত্র জানায়, মোটরসাইকেল পার্টস ও ট্রাই সাইকেল পার্টস আমদানির ক্ষেত্রে সরকারি ঘোষণায় আমদানিকৃত পণ্যের মূল্য কম দেখিয়ে এর বিপরীতে ১৭ হাজার ১২৭ দশমিক ৬০ মার্কিন ডলার পাচার করেছেন মায়া ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আজিজুল ইসলাম। কমিশনের অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত হওয়ায় মানিল্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ধারায় মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়েছে। দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক এ অভিযোগ অনুসন্ধান করেছেন।