হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীর সংখ্যা। নিরাপত্তার কারণে এই বিমানবন্দরের দর্শনার্থী প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করেছেন। সম্প্রতি বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন দায়িত্বশীল কর্মকর্তা মঙ্গলবার ইত্তেফাককে জানান, বিশেষ প্রয়োজন ছাড়া দর্শনার্থীদের বিমানবন্দরের টার্মিনালে প্রবেশে আপতত নিরুত্সাহিত করা হচ্ছে। তবে কোন অসুস্থ যাত্রীকে বিদায় অথবা অভ্যর্থনা জানাতে তাদের আত্মীয়-স্বজনদের বিমানবন্দরের নির্দিষ্ট এলাকা পর্যন্ত আসার ব্যাপারে কোন বাধা নেই। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের যেসব যাত্রী হারানো ব্যাগেজ গ্রহণ করতে আসবেন তারা নিয়ম মেনে টার্মিনালের ‘লস্ট এন্ড ফাউন্ড’ শাখায় যেতে পারবেন।