আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলা বিএনপির নীলনকশার একটি অংশ। বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সন্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বেগম জিয়া আবারো নীলনকশা শুরু করেছেন। মঙ্গলবার রিয়াজ উদ্দিনের উপর হামলা এই সেই নীলকশনার অংশ বলে আমরা মনে করি। বেগম জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে লাশের রাজনীতি শুরু করেছেন। বেগম জিয়া হত্যা-খুনসহ লাশের রাজনীতিতে বিশ্বাস করেন।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশবাসীসহ আপনারা সাবধানে থাকুন। বেগম জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ভয়ংকর রূপ ধারণ করেছেন। যেকোন মূহুর্তে যে কাউকে ছোবল দিতে পারে। ক্ষমতায় যাওয়ার জন্য অন্য দলের নেতা নয়, সাধারণ মানুষ নয়, নিজের দলের নেতাকেও হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির অবরোধ কর্মসূচি ব্যর্থ হয়েছে, সাধারণ মানুষ মেরে লাভ হচ্ছে না, তাই তারা এখন নিজ দলের নেতা-কর্মীদের উপর হামলা করে ক্ষমতায় যেতে চায়। তারই ধারাবাহিকতায় রিয়াজ রহমানের উপর এ হামলা হয়েছে।
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির নেতারাই জানে না, তাদের দলের লক্ষ্য কি? তাদের দলের লক্ষ্য জানেন একমাত্র বেগম জিয়া এবং তার লন্ডন প্রবাসী পলাতক পুত্র তারেক জিয়া। এ দু’জনের লক্ষ্য হলো দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ডা. আবদুস সোবহান গোলাপ, নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, আমিনুল ইসলাম ও সুজিত রায় নন্দী প্রমুখ।