‘আওয়ামী লীগ কখনোই ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি’

 
 
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ফিল্ড মার্শাল আইয়ূব খান, জেনারেল জিয়া ও পরবর্তীতে জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ সামরিক বাহিনীর পোশাক পড়ে ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে রাজনৈতিক দল গঠন ও ক্ষমতায় আসীন হলেও আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি।’
 
বুধবার নরসিংদী মোছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির ভাষণে সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ শুধু রাজনৈতিক দলই নয়। ইহা একটি পরিবার। আওয়ামী লীগের উপর এত অত্যাচার নির্যাতন হয়েছে যে, পৃথিবীর কোন রাজনৈতিক দল এমন নির্যাতনের শিকার হয়নি।’

ভারতের সরকারি দল বিজেপির সভাপতি অমিত শাহ সাথে ফোনালাপ এবং মার্কিন ছয় কংগ্রেসম্যানের বিবৃতি বিষয়ক জালিয়াতি, প্রতারণা ও মিথ্যাচারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, এতে বাংলাদেশকে বিদেশের কাছে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তিনি জনগণের কাছে প্রশ্ন রেখে বলেন, যারা এতবড় প্রতারণার আশ্রয় নিতে পারে তারা দেশের নেতৃত্ব কিভাবে দিবে।