অগ্রযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না : মঞ্জু


পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী বিশ্বের সাথে তালমিলিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আধুনিক তথ্য-প্রযুক্তির মাধ্যমে বর্তমান প্রজম্মকে দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন।
তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি শুধু ছাত্র-ছাত্রীদের জন্যই নয়, ব্যাবসা-বানিজ্য এবং প্রশাসনসহ জীবনের সকল স্তরে অপরিহার্য হয়ে উঠেছে। দেশের এই অগ্রযাত্রাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।
জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপি ৪র্থ ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনকালে মন্ত্রী বৃহস্পতিবার তিনি একথা বলেন।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার পর্যায়ে এর সুফল আমরা ভোগ করছি। এই উদ্ভাবনী মেলা তরুণ প্রজম্মকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ায় উৎসাহ ও উদ্দীপনা যোগাবে। হরতাল অবরোধকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশের বর্তমান অগ্রযাত্রাকে ব্যাহত করার হীন পরিকল্পনা অবশ্যই ব্যর্থতায় পর্যবসিত হবে।
মেলায় পিরোজপুরের সাত উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, জেলা তথ্য অফিস, জেলা শহরের দুটি সরকারী মহাবিদ্যালয় ও দুটি সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫টি সু-সজ্জিত ষ্টল রয়েছে।
পিরোজপুরের জেলা প্রশাসক একেএম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিকহার রহমান, সিভিল সার্জন ডা. মো. ফকরুল আলম ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সালাহ উদ্দিন প্রমুখ।