কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, তিনি (খালেদা জিয়া) বসে জাতির সাথে তামাশা করছেন। খালেদা জিয়া নিজে এই বলে জিডি করেছেন যে উনার প্রাণের উপর হামলা হতে পারে। কিন্তু বাড়িতে না থেকে উঠেছেন অফিসে। অফিসেতো নানান জাতির লোকজন যায়। অফিসটাও তো রক্ষা করতে হবে। গেটের তালা খুলে দেয়ার পরও বেগম জিয়া কোথাও না গিয়ে অফিসে বসে তামাশা করছেন।
বৃহস্পতিবার নকলা উপজেলার চর অষ্টাধর ইউনিয়নের কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীতের কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একুশে টেলিভিশন সর্ম্পকে কৃষিমন্ত্রী বলেন, ওই টেলিভিশনের অনুমোদন আমাদের সরকারই দিয়েছিল। আর খালেদা জিয়া ওই টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিয়েছিল। আমরাতো বন্ধ করিনি। মালিক অন্যায় করেছে, তাকে পর্ণোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয়েছে।
মন্ত্রী নকলা ও নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৮শ’৯০ জন শিক্ষার্থীর মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে শীতের কম্বল বিতরণ করেন।