কোপা দেল রে থেকে রিয়াল মাদ্রিদের বিদায়

 

কোপা দেল রে’র দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে বিদায় নিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ২-২ গোলে ম্যাচটি ড্র হয়। দুই লেগ মিলিয়ে অ্যাতলেতিকো ৪-২ গোলে এগিয়ে থাকায় কোয়ার্টার ফাইনালে নিজেদের টিকিট নিশ্চিত করল।
ম্যাচ শুরুর প্রথম মিনিটেই রিয়ালের জালে বল জড়ান অ্যাতলেতিকোতে এই বছরই আবারো যোগ দেয়া তোরেস। ম্যাচের ১৯তম মিনিটে টনি ক্রুসের কর্নার কিক থেকে রোনালদো গোল করতে ব্যর্থ হন। অবশ্য পরবর্তী মিনিটে ক্রুসের নেয়া ফ্রি-কিক থেকে  গোল করেন সার্জিও রামোস। ম্যাচের অর্ধসময় শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো প্রতিপক্ষের বুহ্যে আক্রমণ করেন অ্যাতলেতিকোর তোরেস। গ্রিজম্যানের বাড়ানো বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৫০ তম মিনিটে আবারো আক্রমণ হানতে গিয়ে ব্যর্থ হন তোরেস। এরপর ম্যাচের ৫৪তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। এরপর আর কোনো গোল হয়নি।