এভাবে চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে: এমাজউদ্দিন

 
 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ বলেছেন, এভাবে চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। 
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্যের সমালোচনা করে তিনি এ কথা বলেন। 
শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনারিজন স্টাডিজ আয়োজিত ‘ইমপিডিমেন্টস ইন নেশন বিল্ডিং অ্যান্ড দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন।
বিজিবি মহাপরিচালকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষের ওপর বিজিবির গুলি চালানোর ঘোষণা গ্রহণযোগ্য নয়। তাদের কাজ অপরাধীদের আটক করে শাস্তির বিধান করা। গুলি চালানোর নির্দেষ তারা কখনোই দিতে পারে না। 
তিনি বলেন, বাংলাদেশে এখন বিভক্ত জাতিতে পরিণত হয়েছে। দেশে চলছে বিষাক্ত রাজনীতির চর্চা। আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা রক্ষার কাজ না করে তারা নিজেরাই গুম-খুন ও সন্ত্রাসের মতো জঘন্য কাজ করছে।
তিনি বলেন, বিচার বিভাগের ওপর মানুষের আর আস্থা নেই। রাজনৈতিক বিষের প্রভাবে সব প্রতিষ্ঠান বিষাক্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে বাধ্য।
 ভিসি বলেন, রাজনীতির দায়িত্ব সমস্যার সমাধান করা, সমস্যার সৃষ্টি করা নয়। আমরা দেশে গণতান্ত্রিক রাজনীতি চাই। যা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আর দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে অবশ্যই বিরোধীদল ও সরকারকে একসঙ্গে বসে সংলাপ করতে হবে। পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এ রাজনৈতিক সংকট থেকে দেশকে রক্ষা করা সম্ভব।
সভায় সংগঠনের সভাপতি ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএফইউজের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ, রাষ্ট্রবিজ্ঞাননী ড. দিলারা চৌধুরী, বাংলাদেশ ডেভলপমেন্ট কনসালটেন্ট মাহবুবুর রহমান, আশারাফ আল দীন প্রমুখ।