এবারের অস্কার দৌঁড়ে ‘বার্ডম্যান’ এবং ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’ এগিয়ে রয়েছে। সেরা সিনেমা এবং সেরা পরিচালকসহ নয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে ওই দুটি সিনেমা। খবর অস্কার.গো.কম’র।
অ্যাওয়ার্ড আসরগুলোতে পছন্দের শীর্ষে থাকা সিনেমা ‘বয়হুড’, ‘দ্য ইমিটেশন গেইম’ এবং ‘আমেরিকান স্নাইপার’ও সেরাদের কাতারে স্থান দখল করেছে। IMG0
‘আমেরিকান স্নাইপার’ সিনেমায় অভিনয় কৃতির জন্য সবাইকে অবাক করে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ব্র্যাডলি কুপার। ক্লিন্ট ইস্টউড পরিচালিত ‘আমেরিকান স্নাইপার’ সিনেমাটির ঝুলিতে মোট ছয়টি বিভাগে মনোনয়ন জমেছে। পাশাপাশি এটি সেরা সিনেমা হিসেবেও মনোনীত হয়েছে। IMG1
এ বছর অস্কারের জন্য লড়বে শুধুমাত্র আটটি সিনেমা। যদিও মোট দশটি সিনেমাকে মনোনীত করার সুযোগ থাকে। মনোনয়ন প্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘সেলমা’, ‘দ্য থিওরি অফ এভরিথিং’ এবং ‘হুইপল্যাশ’ রয়েছে।
অ্যানিমেটেড ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে ‘বিগ হিরো সিক্স’, ‘দ্য বক্সট্রলস’, ‘হাও টু ট্রেইন ইয়োর ড্রাগন টু’, ‘সং অফ দ্য সি’ এবং ‘টেল অফ প্রিন্সেস কাগুয়া’।
বিদেশি সিনেমা বিভাগে এ বছর লড়ছে পোল্যান্ডের ‘আইডা’, রাশিয়ার ‘লেভিয়াথান’, আর্জেন্টিনার ‘ওয়াইল্ড টেলস’, এস্তোনিয়ার ‘ট্যাঞ্জেরিন্স’ এবং মৌরিতানিয়ার ‘টিম্বাক্টু’।