নাশকতা সৃষ্টিকারীদের সঙ্গে সংলাপ নয়: সুরঞ্জিত

 

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, নাশকতা সৃষ্টিকারীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো দিন সংলাপ করবে না। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন। খবর: বাসসের।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। দেশে বেশিদিন এই নাশকতা চলতে দেয়া যায় না। এ সপ্তাহের মধ্যে এই আন্দোলন থেমে যাবে। নাশকতাকারী ও সন্ত্রাসীদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হবে না।
তিনি বলেন,বিএনপি আন্দোলনে ব্যর্থ হবে। কারণ তাদের আন্দোলনের সঙ্গে জনসম্পৃক্ততা নেই। নাশকতা, সন্ত্রাস, সহিসংতা গণতান্ত্রিক আচরণ হতে পারে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি যতই কূটনীতিকদের নিয়ে বসেন, লাভ নেই। বিশ্বের কোনো দেশই সন্ত্রাস ও নাশকতাকারীদের সঙ্গে নেই। আপনার সঙ্গেও নেই।
এ সময়ে তিনি অবিলম্বে এসব নৈরাজ্য বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৪ দলের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ।