বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক দল শান্তিপূর্ণভাবে তাদের বিরোধ মীমাংসায় ব্যর্থ হওয়ার পর যেভাবে সহিংসতা বাড়ছে, তা খুবই উদ্বেগজনক। বিবৃতিতে সব রাজনৈতিক দলের প্রতি সংযম প্রদর্শন এবং অবিলম্বে সহিংসতা বন্ধেরও আহ্বান জানানো হয়েছে। শুক্রবার বিবিসি বাংলায় প্রকশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
জাতিসংঘ মানবাধিকার কমিশন বিশেষ করে নির্বিচারে গাড়িতে আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এই প্রসঙ্গে বিবৃতিতে গত মঙ্গলবার একটি গাড়িতে হামলায় এক শিশুসহ চারজন পুড়ে মারা যাওয়া এবং বিএনপির এক উপদেষ্টার গাড়িতে হামলার কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের সর্বশেষ এই রাজনৈতিক সংঘাতের সময় যেসব হত্যাকান্ড হয়েছে, তার সবগুলোর নিরপেক্ষ তদন্ত দাবি করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন।
বিবৃতিতে বলা হয়, সরকার বা সরকারের বাইরে যারাই এসব ঘটনার পেছনে থাক, আমরা চাই কর্তৃপক্ষ অবিলম্বে এসব ঘটনার নিরপেক্ষ এবং কার্যকর তদন্তের উদ্যোগ নেবে। বিরোধীদলের গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেফতার এবং আটকের ক্ষেত্রে সরকার যেন স্বেচ্ছাচারিতার আশ্রয় না নেয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নেয়া সব পদক্ষেপে যেন আন্তর্জাতিক মানবাধিকার আইনের লংঘন না ঘটে সেজন্যে সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।