আজ ১৭ জানুয়ারি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি, তে-ভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের ১২তম মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের ১৭জানুয়ারি বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ঢাকা কমিউনিটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নড়াইলের সীমান্তবর্তী বাঁকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে তাঁর সমাধি রয়েছে। অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে বাঁকড়ীতে দু’দিনব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার উদ্বোধন করবেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, এ্যাডভোকেট মোস্তফা লুৎফুল্লাহ এমপি, এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান এমপি, পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, হাফিজুর রহমান ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ।