প্রধান বিচারপতি হিসেবে এসকে সিনহার শপথ গ্রহণ

দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান। তিনি সদ্য বিদায়ী প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সদ্যবিদায়ী প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, প্রতিমন্ত্রীবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারকগণ, তিন বাহিনী প্রধানগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব এম মোশাররফ হোসাইন ভূঁইয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
তিনি ১২ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে এ পদে নিয়োগপ্রাপ্ত হন। ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবেন।
প্রয়াত ললিত মোহন সিনহা ও ধনবতী সিনহার পুত্র এস কে সিনহা ১৯৫১ সালের ১ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাণীরবাজার গ্রাম জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৯ সালের ২৪ নভেম্বর হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০১ সালের ২৪ অক্টোবর তার চাকরি স্থায়ী হয়।
বিচারপতি সিনহা ২০০৯ সালের ১৬ জুলাই আপীল বিভাগের উন্নীত হন। তিনি ১৯৭৪ সালে সিলেট জেলা বার এসোসিয়েশনে একজন আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে সেখানে দু’জন বিশিষ্ট আইনজীবীর তত্ত্বাবধানে কাজ করেন। এরপর তিনি ১৯৭৮ ও ১৯৯০ সালে যথাক্রমে হাইকোর্ট ও আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
এস কে সিনহা ১৯৯৯ সালে হাইকোর্ট বিভাগে নিয়োগপ্রাপ্তির পূর্ব পর্যন্ত উচ্চতর আদালতে প্রখ্যাত আইনজীবী এস আর পালের তত্ত্বাবধানে পেশাগত দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশের প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে ২০০২ সালে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত বিশ্বের প্রধান বিচারপতিগণের তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন।
তিনি ২০০৬ সালে কোরিয়ার সিউলে বাংলাদেশের জ্যেষ্ঠ বিচারপতিগণের বিচার প্রশিক্ষণ এবং ২০১০ সালে কোরিয়ায় বিচার বিভাগীয় উন্নয়ন কর্মসূচিতে যোগ দেন।