কুমিল্লার চান্দিনা উপজেলায় কাভার্ডভ্যান ও রোগীবাহী এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এ্যাম্বুলেন্সের চালক আলী আকবর (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু, নারী ও এ্যাম্বুলেন্স সহকারীসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলাধীন দোতলা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। নিহত আলী আকবর রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকার বাসিন্দা। আহতরা হলেন, যাত্রাবাড়ী এলাকার নাজিম (৩৮), ফেনী মহিপাল এলাকার নূরুল করিম (৬০), তার মেয়ে মুক্তা (২৮), নাতি তাজমির (৪), নাতনি তাসপিয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ্যাম্বুলেন্সটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে ফেনী পৌঁছে দিয়ে সেখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ্যাম্বুলেন্সটি মহাসড়কের চান্দিনার দোতলায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
হাইওয়ে পুুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস.আই) তপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে কেউ মারা যায়নি। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক এ্যাম্বুলেন্স চালক আলী আকবরকে মৃত ঘোষণা করে।