মহাসড়ক অবরোধের চেষ্টাকালে পুলিশের বাধা, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শনিবার বগুড়ায় ২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ পালত হচ্ছে। এ সময় ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ২৫/৩০ রাউন্ড শর্টগানের গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
মনিবার সকালে অবরোধের সমর্থনে বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়ার বনানীতে ২০ দলের নেতা-কর্মীরা অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
এরপরই শহরের মাটিডালী এলাকায় ২য় বাইপাস সড়কের সামনে অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ২০ দলের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ তাদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধ সমর্থকরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে প্রথমে লাঠিচার্জ এবং পরে শর্টগানের ২৫/৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা আবারো সংঘবদ্ধ হয়ে পুলিশকে লক্ষ্য করে দুইটি ককটেল ছুড়ে মারে। এ সময় পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপি-জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ৯ রাউন্ড গুলি ছুড়েছে। আটক ১০ জনের বিরুদ্ধে মামলা হবে।