গোবিন্দ হালদার আর নেই



‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ সহ মুক্তিযুদ্ধে প্রেরণাদায়ী অনেক গানের স্রষ্টা গোবিন্দ হালদার আর নেই। শনিবার সকাল ১১টা ২০ মিনিটে কলকাতার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
গত ২২ ডিসেম্বর তাকে কলকাতা সফরে গিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ হাসপাতালে তাঁর স্বাস্থের খোঁজখবর নেন। গোবিন্দ হালদারের চিকিতৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসায় কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান। ১০ জানুয়ারি ফের হাসপাতালে ভর্তি হন। আজ চিকৎসকদের সব চেষ্টা ব্যর্থ হলো।

রাষ্ট্রপতি আবদুল হামিদও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, খ্যাতিমান এই গীতিকারের মৃত্যুতে বাংলাদেশের মানুষ তাদের একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। মহান মুক্তিযুদ্ধের সময় প্রয়াত এ গীতিকারের লেখা ও সুরারোপিত গান মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করার পাশাপাশি অবরুদ্ধ দেশবাসীকেও মুক্তির প্রেরণায় উজ্জীবিত করেছিল। বাংলাদেশের মানুষ চিরদিন তাকে গভীর শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী প্রয়াত এই গীতিকার ও সুরকার গোবিন্দ হালদারের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।