কুমিল্লায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

 
 
কুমিল্লার সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের উজিরপুর গ্রামে কামরুজ্জামান টিটু নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। শনিবার সকালে এ খুনের ঘটনা ঘটে।
 
নিহত টিটু একই এলাকার ধনুয়াইশ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। তিনি এলাকায় পোল্ট্রি ফার্মের ব্যবসা করতেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উজিরপুর গ্রামের আবদুর রশিদের ছেলে আবুল হোসেন (৩৮) ও কামরুজ্জামান টিটুর (৪২) মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। এ নিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে বাক-বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আজ শনিবার টিটু উজিরপুর গেলে আবুল হোসেন ও তার সহযোগীরা তাকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় টিটু পাশ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় আবুল হোসেন ও তার ভাইয়েরা পিছু ছুটে ওই বাড়িতে গিয়ে ছুরি দিয়ে টিটুর বুকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 

স্থানীয়রা জানান, ঘাতক আবুল হোসেনের পিতা আবদুর রশিদ উজিরপুর গ্রামের হোসেন মিয়া নামের একজনকে খুন করে প্রায় ২৫ বছর জেল খেটেছিল। কোতয়ালী মডেল থানার ওসি মো. খোরশেদ আলম জানান, বিকালে এ খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে।