বনভজনে গিয়ে রাজধানীর ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুকিত হাওলাদারসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার তারা লঞ্চযোগে বনভজন করতে গেলে মেঘনা নদীর টার্নিংপয়েন্টে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অপরজনের নাম জাহিদুল ইসলাম (৪০)। বর্তমানে তারা দুজনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতা চিকিত্সাধীন রয়েছেন। এ দুইজনই বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির সদস্য।
জানা গেছে, বাংলাদেশ গণপূর্ত ঠিকাদার সমিতির সেগুনবাগিচা অফিসের উদ্যোগে এক বনভোজনের আয়োজন করা হয়। এ উপলক্ষে সকাল ৯টায় রাজধানীর সদরঘাট থেকে সমিতির সদস্যদের নিয়ে একটি লঞ্চ চাঁদপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। চার শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করা লঞ্চটি বেলা ১টার দিকে মেঘনা নদীর টার্নিংপয়েন্টে পোঁছায়। এসময় লঞ্চের চেয়ারে বসে থাকা ওই দুই ব্যক্তির পাঁয়ে হঠাত্ গুলি লাগে। পরে তাদের উদ্ধার করে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই সমিতির উপদেষ্টা আশরাফ তালুকদার সাংবাদিকদের জানান, ঘটনার সময় লঞ্চের আশে-পাশে আরো কয়েকটি লঞ্চ ছিলো। কোথা থেকে গুলি এসে তাদের পায়ে লেগেছে তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সম্পর্কে তথ্য পেতে পুলিশ ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।