নিউজিল্যান্ড-শ্রীলংকা তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত

 
 
বৃষ্টির কারণে পরিত্যক্ত হল নিউজিল্যান্ড-শ্রীলংকার তৃতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম ব্যাট করা নিউজিল্যান্ড ২৮ দশমিক ৫ বলে ৩ উইকেটে ১৪৫ রান করার পর বৃষ্টি নামলে পরবর্তীতে পরিত্যক্ত ঘোষণা করা হয় খেলাটি।
অকল্যান্ডে ৫০ ওভারের ম্যাচে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাটিং-এ পাঠায় শ্রীলংকা। উদ্বোধনী জুটিতে ৪০ রান আসার পর ব্যক্তিগত ২৮ রানে ফেরেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এরপর দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন আরেক ওপেনার মার্টিন গাপটিল ও টম লাথাম। ১৮ ওভার খেলা হবার পর বৃষ্টি নামলে সাময়িক বন্ধ হয় ম্যাচটি।
এরপর আবার প্রায় এক ঘন্টা পর খেলা শুরু হলে ম্যাচটি ৪৭ ওভারে নির্ধারণ করা হয়। ২৫ ওভারের পর আবারো পরিবর্তন হয় ম্যাচের দৈর্ঘ্য। বৃষ্টির কারণে এবার ম্যাচটি নির্ধারণ হয় ৪৩ ওভারে। এরপর কিছুক্ষণ খেলা চললেও আবারও বৃষ্টিতে বন্ধ হয় খেলা। কিন্তু পরবর্তীতে বৃষ্টি আর না থামলে, একেবারেই পরিত্যক্ত হয় ম্যাচটি। এসময় গাপটিল ৬৬ ও রস টেইলর ৩ রানে অপরাজিত ছিলেন। ৪২ রান করে আউট হয়েছেন লাথাম।
সিরিজের প্রথম ম্যাচটি নিউজিল্যান্ড ৩ উইকেটে জিতলেও, দ্বিতীয়টি ৬ উইকেটে জিতে ১-১ ম্যাচে সমতা আনে শ্রীলংকা। ফলে সাত ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায় রয়েছে। নেলসনে আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচটি।
সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ১৪৫/৩, ২৮.৫ ওভার (গাপটিল ৬৬*, লাথাম ৪২, ম্যাথুজ ৩/২১)।