ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল থেকে হিযবুত তাহিরের কর্মী সন্দেহে এক ছাত্রকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে ওই হলের ষষ্ঠ তলার একটি কক্ষ থেকে ছাত্রলীগের হল শাখার কয়েকজন নেতা তাকে আটক করেন। এ সময় সোলায়মানের কাছে হিযবুত তাহিরের বিভিন্ন লিফলেট, জিহাদি বই এবং সাংগঠনিক কাগজপত্র পাওয়া যায়। সোলায়মানকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।
ছাত্রলীগের এক নেতা জানান, গোপন সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে হিযবুত তাহিরের কর্মী হিসেবে কয়েক দিন থেকেই সোলায়মানের ওপর নজর রাখা হচ্ছিল। শনিবার তাকে আটক করে হলের অতিথিকক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে হিজবুতের রাজনীতির সাথে তিনি জড়িত বলে স্বীকার করেন। এস এম হলের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তিনি মুহসীন হলে থাকতেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, ‘সোলায়মানকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তার কাগজপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন জব্দ করবে। একই সাথে নিষিদ্ধ হিজবুত তাহরীরের সাথে অন্য কেউ জড়িত আছেন কিনা, তাও খতিয়ে দেখা হবে।’