খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

 
মেহেরপুর সদর উপজেলায় রশি নিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে রুনা (৮) নামে এক শিশু মারা গেছে। রবিবার সকালে উপজেলার ঝাঁঝা গ্রামে এই ঘটনা ঘটে। রুনা একই গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের মেয়ে ও হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। 
রুনার বাবা আব্দুর রাজ্জাক জানান, ঘরের ভিতরে বাঁশের সাথে রশি দিয়ে দোলনা তৈরি করে একা খেলার সময় রুনা দোলনা থেকে পড়ে যায়। এতে তার গলায় রশি পেঁচিয়ে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিজবসত ঘরে খেলার সময় ঐ দুর্ঘটনা ঘটে। রুনার লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।