‘অবরুদ্ধ’ খালেদা সোমবার জিয়ার মাজারে যাচ্ছেন না

নিজ কার্যালয়ে ‘অবরুদ্ধ’ থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার তার মাজারে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন না। দেশব্যাপী অবরোধ চলমান থাকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যেও কারা কারা জিয়ার মাজারে যাচ্ছেন তা এখনও নিশ্চিত নয়। কারণ বেশিরভাগ নেতাই আগ্মগোপনে। এছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতারাও গ্রেপ্তার বা আক্রান্ত হওয়ার ভয়ে অনেকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে যাচ্ছেন না বলে জানা গেছে।
এদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুক্তরাজ্য শাখার সাতজন আইনজীবী সন্ধ্যায় পুলিশের অনুমতি নিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করলেও তারা তার সাক্ষাৎ পাননি।
যুক্তরাজ্য শাখা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টটার আনোয়ারুল ইসলাম শাহীনের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলটি সন্ধ্যা সাড়ে ৭টায় খালেদা জিয়ার কার্যালয়ে ঢোকেন। ২০ মিনিট পর তারা বের হয়ে চলে যান।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন-  ব্যারিস্টার গোলাম মোস্তপা তাজ, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ, ব্যারিস্টার ইফতেখার মাহমুদ, ব্যারিস্টার শাহিন প্রমুখ।
‘নির্যাতনের’ নিন্দা ছাত্রদলের
দেশব্যাপী ছাত্রদল নেতা-কর্মীদের নির্যাতন ও গ্রেপ্তারের নিন্দা-প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এক বিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, এই সরকার স্বৈরশাসকের মতো আচরণের শেষ সীমায় এসে পোঁছেছে। তারা নিজেদের প্রভু ভাবছে, আর দেশের জনগণকে মনে করছে ভৃত্য। তবে এ দেশের মানুষ কোনোদিন স্বৈরশাসন মেনে নেয়নি, এখনও মানবে না। তাই অবিলম্বে দেশবাসীকে সঙ্গে নিয়ে বাংলাদেশের বুকে পাথরের মতো চেপে বসা এই সরকারের পতন ঘটানো হবে বলে উল্লেখ করেন ছাত্রদলের দুই প্রধান নেতা।