হরতাল আরো ১২ ঘণ্টা বাড়ল বগুড়ায়

২০ দলীয় জোটের রাজশাহী বিভাগের ৮ জেলায় ডাকা ৩৬ ঘণ্টার হরতাল বগুড়ায় ১২ঘণ্টা বাড়িয়ে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আহ্বান করা হয়েছে  । রবিবার সকালে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এক সমাবেশে এ ঘোষণা দেন।
এদিকে পুলিশ গত ২৪ঘণ্টায় নাশকতা ও ভাংচুরের মামলায় জড়িত অভিযোগে বিএনপি ও জামায়াতের ২২ নেতাকর্মীকে গ্রেফতার  করেছে । এছাড়াও হরতালে পিকেটিং করার অভিযোগে ৩ পিকেটারকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত ।  রবিবার সকালে শহরে পিকেটিং করার দায়ে তাদের এই সাজা প্রদান করা হয়েছে ।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগে ডাকা ৩৬ঘণ্টার হরতাল আরও বাড়িয়ে বগুড়া জেলায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত পালনের ঘোষণা দেন ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানিয়েছেন , গত ২৪ ঘণ্টায় বগুড়া সদর থানা এলাকায় ২টি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বগুড়া জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, হরতালে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায়  জেলার বিভিন্ন স্থান থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে।