ঘরের দুয়ারে কড়া নাড়ছে একাদশ’তম ক্রিকেট বিশ্বকাপের আসর। কিন্তু বিশ্বকাপের সময়টা ভারতীয় ক্রিকেট দলের যত ভালোই কাটুক না কেন, ভাল যাবেনা বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর নিয়ম অনুযায়ী এই সময়টায় প্রেমিক বিরাট কোহলির সাথে থাকতে পারবেন না যে তিনি! অর্থাত্ এবারের ভালোবাসা দিবস একাই কাটাতে হচ্ছে আনুশকা শর্মাকে!
বিশ্বকাপ শুরু হচ্ছে ১৪ ফেব্রুয়ারি থেকে। আর সেদিনই যে ভালোবাসা দিবস! ভালোবাসা দিবসে সব প্রেমিক যুগলই চায় নিজেদের মধ্যে একান্ত কিছু সময় কাটাতে। কিন্তু বিসিসিআই যে বড্ড বেরসিক! আর এজন্যই এবারের ভালোবাসা দিবসে আলাদাই থাকতে হচ্ছে আনুশকা-কোহলি জুটিকে। তবে এই বিধি নিষেধ কেবল আনুশকার জন্য কিন্তু নয়। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী বিশ্বকাপে কোন ভারতীয় ক্রিকেটারই স্ত্রী বা প্রেমিকার সাথে থাকতে পারবেন না। মাঠের খেলাতেই সকল মনোযোগ ধরে রাখার জন্যই এই ব্যবস্থা। যদিও এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আসতে যাচ্ছে ঘোষণা।
তবে মাঠে উপস্থিত হয়ে খেলা দেখতে বাঁধা নেই আনুশকা শর্মার। এবার তাই হয়তো গ্যালারীতে বসেই প্রেমিককে দেখে সন্তুষ্ট থাকতে হবে এই অভিনেত্রীর!