রাজধানীর মিরপুরে ফার্নিচারের দোকানের অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত রিপন পুড়ে যাওয়া কোনো একটি ফার্নিচারের দোকানের কর্মী ছিলেন বলে জানা যায়।
জানা গেছে, রিপন বিশ্ব ইজতেমায় অংশ নিয়ে গতকাল রবিবার দুপুরে ফিরে দোকানের ভিতরে ঘুমিয়ে ছিলেন। রাত আটটার দিকে ১১১ নম্বর দক্ষিণ মণিপুরের তিনটি ফার্নিচারের দোকান আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে আনিস, সিদ্দিক ও মামুনের মালিকাধীন ওই তিন দোকানের আগুন নেভায়। এরপর পুড়ে যাওয়া একটি দোকানের ভিতর থেকে রিপনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।