নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মধুয়াকোনা গ্রামের আব্দুল মান্নাছের কন্যা রেজিয়া খাতুনকে (৩০) হত্যার অভিযোগে একই উপজেলার বগজুর গ্রামের শামছুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
১৭ বছর মামলা চলার পর সোমবার নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী শামছুল আলমক পলাতক।
মামলার অন্য দুই আসামি বিল্লাল এবং জালাল দোষী সাব্যস্ত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, আব্দুল মান্নাছের কন্যা রেজিয়া খাতুনের সঙ্গে আসামি শাসছুল আলমের ঘনিষ্ঠতা ছিল। কিন্তু ১৯৯৭ সনের ১৫ এপ্রিল স্থানীয় কিতাব আলীর একটি পরিত্যক্ত কাঁচারি ঘরে রেজিয়ার লাশ পাওয়া যায়। আগের দিন রাতে তাকে হত্যা করে লাশ কাঁচারি ঘরে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার সূত্র ধরে ১৪ মাস পর ২৭ জুন ১৯৯৮ সালে পুলিশ বাদী হয়ে দুর্গাপুর থানায় শামছুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহন করে এ রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মো. সাইফুল আলম এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট নাসির উদ্দিন।