ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় আগুন-ভাঙচুর-হাত বোমার বিষ্ফোরণ

টানা অবরোধের কারণে ব্রাহ্মণবাড়িয়ায় থেকে দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সিডিউল বিপর্যয়ের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল করেছে। বিলম্বের কারণে ট্রেনযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। শহরের অভ্যন্তরে হালকা যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের কালীবাড়ি মোড়, টিএ রোড, কান্দিপাড়া, শিমরাইলকান্দি, পাওয়ার হাউজ রোড, ষ্টেশন রোড, জেলা পরিষদ মার্কেট, রেল গেইট, কাউতলী মোড়, কুমারশীল মোড়, মেড্ডা বাসস্ট্যান্ড, দক্ষিণ পৈরতলায় হাত বোমার বিষ্ফোরণ ঘটে। কালীবাড়ি মোড়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুবৃর্ত্তরা পেট্রোল বোমা ছুড়লে তাতে আগুন ধরে যায়। এসময় আরো পাঁচটি অটোরিকশা ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। রাত প্রায় আটটার দিকে মেড্ডা বাসষ্ট্যান্ড এলাকায় তিনটি অটোরিক্সা ভাঙচুর করে দুর্বৃত্তরা। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গতকাল রবিবার রাত থেকে এখন পর্যন্ত নয়জন বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।