বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘অবরোধ চলছে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। সরকারই অবরোধ কর্মসূচি দিতে বাধ্য করেছে। সোমবার দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অবরোধে যে সহিংস ঘটনা ঘটছে তা আওয়ামী লীগই করছে দাবি করে খালেদা জিয়া বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। সহিংসতা করছে আওয়ামী লীগ। তিনি বলেন, বর্তমান যে সংকট তা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।
খালেদা জিয়া বলেন, সকল প্রতিকূলতার মধ্যে অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে আমি বিএনপিসহ ২০ দলের সকল নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই।
এর আগে ভোরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের চারপাশ থেকে পুলিশ ও ব্যারিকেড সরিয়ে নেয়া হয়। পরে খালেদা জিয়ার ডাকে বিকালে কার্যালয়ে প্রবেশ করেন স্থায়ী কমিটির ছয়জন সদস্য আর এ গনি, মাহবুবুর রহমান, মওদুদ আহমেদ, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান ও সারোয়ারী রহমান।