জনসংখ্যা বাড়লে যেমন সমস্যার সৃষ্টি হয় তেমনি কোনো একটি এলাকায় বা বাড়িতে পাখির সংখ্যা বাড়লেও সমস্যার অন্ত থাকে না। এরকমই সমস্যায় পড়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। বাধ্য হয়ে পাখিদের জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়াতে হচ্ছে।
ওহিও রাজ্যের ওয়েন কাউন্টির পুরাতন আদালত ভবনটি সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এজন্য কয়েক মিলিয়ন ডলার ব্যয় ধরা হয়েছে। কিন্তু বাদ সাধছে পায়রা। ভবনটিতে প্রচুর পায়রার বিস্তার লাভ করেছে। বারবার তাড়িয়ে দেয়ার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। ভবনটির ছাদে পাখিরা খুব ভালভাবেই বাসা বেঁধেছে এবং প্রচুর জিনিসপত্র একত্র করেছে। এরপর আবার আছে ইলেক্ট্রিক তারের জঞ্জাল। পাখিগুলো এই জঞ্জালের মধ্যেই বাস করছে বেশি। কাউন্টির কমিশনার জানিয়েছেন, তারা এখন পাখিদের জন্ম নিরোধের চিন্তা করছেন। এজন্য পাখিদের মুখে এক ধরনের রাসায়নিক পদার্থ দেয়া হবে যা খেলে জন্মানোর ক্ষমতা হারাবে তারা। কর্মকর্তারা আশা করছেন, এর মাধ্যমে অন্তত অর্ধেক পাখি কমানো সম্ভব হবে। ১৮৭৮ সালে আদালত ভবনটি নির্মাণ করা হয়। - এবিসি নিউজ