অভিযানে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৮ পুলিশ আহত



চলমান অবরোধে নাশকতা রোধে বিশেষ অভিযানে গিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এসআইসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার নিজপাড়া আনোয়ারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ থানার ও সি মোজাম্মেল হক জানান, রাত ৯ টার দিকে একটি রিকুজিশন করা ম্যাজিক ও সুন্দরগঞ্জ থানা পুলিশের পিকআপ ভ্যানযোগে পুলিশ অবরোধে নাশকতা রোধে বিশেষ অভিযানে জামায়াত-শিবিরি অধ্যুষিত উপজেলার ডোমেরহাট এলাকায় যাচ্ছিল। পথে ওই এলাকায় সামনে থাকা পুলিশের পিআপ ভ্যানটি হঠাৎ ব্রেক করে। এ সময় পিছনে থাকা ম্যাজিক গাড়ীটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয়। এতে দুই গাড়িতে থাকা পুলিশ সদস্যদের আটজন আহত হন।
আহতদের মধ্যে উপ-পরিদর্শক (এস আই) আব্দুল জলিল, পুলিশ কনস্টেবল ধলু মিয়া, আতাউর রহমান, আবু বক্কর ও রাসেল মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক। অন্য তিনজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।