কালিয়াকৈরে অপহৃত শিশুর বস্তাবন্ধী লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে অপহরণের সাতদিন পর মঙ্গলবার রাতে অপহৃত শিশু গোলাম মোস্তফার বস্তাবন্ধী লাশ উপজেলার সফিপুর পূর্বপাড়া গ্রামের রুবেলের বাড়ি থেকে উদ্ধার করেছে র‌্যাব। গোলাম মোস্তফা উপজেলার সফিপুর পুর্বপাড়া গ্রামের মো. জয়নাল আবেদীনের পুত্র। ঘটনায় জড়িত অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, বুধবার সকালে পার্শ্ববতী নানা বাড়ী যাওয়ার পথে শিশু গোলাম মোস্তফা (৮) অপহরণের শিকার হয়। এ ঘটনার পর অপহরণকারীরা গোলাম মোস্তফার বাবার মোবাইলে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি গোলাম মোস্তফার বাবা জয়নাল আবেদীন র‌্যাবকে জানায়। র‌্যাব অনুসন্ধান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে রুবেল নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে রুবেলের দেয়া তথ্য অনুযায়ী তার ঘরের সিলিংয়ের উপর থেকে মঙ্গলবার রাতে শিশু গোলাম মোস্তফার বস্তাবন্ধী লাশ উদ্ধার করে র‌্যাব। পরে রুবেলের দেয়া তথ্য অনুযায়ী বেবী আক্তার (২৫), জাহাঙ্গীর হোসেন (৩৫) ও মনসুর আলী (৪৫) নামে আরো তিন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এবং র‌্যাব-১’র লে. কমান্ডার কাজী শোয়াইব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।