আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘দেশে কোনো রাজনৈতিক সংকট নেই। কেননা আগুন দিয়ে গাড়ী পোড়ানো, পেট্রলবোমা নিক্ষেপ ও মানুষ হত্যা কোনো রাজনৈতিক কর্মসূচী নয়। এগুলো সন্ত্রাসী ও নাশকতা মূলক কর্মকাণ্ড।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসব্রিফিংয়ের জবাবে মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। এ বিষয়ে হানিফ আরও বলেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তারা জনগনের জান-মাল রক্ষায় কঠোর ব্যবস্থা নেবে।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।