আর্জেন্টিনার আইনজীবী নিসমান খুন হওয়ার প্রমাণ মেলেনি

    
 
 
 
আর্জেন্টিনার সরকারি আইনজীবী আলবার্তো নিসমান খুন হয়েছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ময়নাতদন্ত রিপোর্টে। ১৯৯৪ সালে বুয়েনেস আইরেসে একটি ইহুদি স্থাপনায় বোমা হামলায় ৮৫ জন মারা যায়। সে ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছিলেন নিসমান। একপর্যায়ে বোমা হামলায় ইরানের জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ আনেন তিনি প্রেসিডেন্ট  ক্রিস্টিনা ফার্নান্দেজের বিরুদ্ধে। নিসমানের অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দেয় সরকার। খবর বিবিসির।
৫১ বছরের নিসমানের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গিয়েছিল বাথরুমে, পাশেই পড়েছিল একটি পিস্তল। এ ঘটনার তদন্ত কর্মকর্তা ভিভিয়ানা ফেইন জানিয়েছেন তিনি অন্যান্য পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। এর আগে তিনি জানিয়েছিলেন—নিসমানের দেহে একটি গুলি বিদ্ধ হয়েছে। ফেইন আরো বলেন, নিসমানের বাড়িতে ডাকাতির কোনো আলামত পাওয়া যায়নি। তার বাড়িতে কোনো সুইসাইড নোটও পাওয়া যায়নি।