ভারতে ৩ বছর বন্দিজীবন শেষে দেশে ফিরল ২ কিশোর

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ৩ বছর ধরে আটক থাকার পর দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশি দুই কিশোরকে ফেরত পাঠিয়েছে ভারতের হিলি অভিবাসন পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

ফিরে আসা কিশোরেরা হল- নরসিংদী জেলার শিবপুর উপজেলার চর সুজাপুর গ্রামের মৃত আপেল হোসেনের ছেলে কাজী ইব্রাহিম খলিল (১৭) ও শরীয়তপুর জেলার পালং উপজেলার খেলসী গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে সবুজ বেপারী (১৭)।

আরো পড়ুন: ‘পারমাণবিক বোমার ট্রিগার টিপলে উপমহাদেশের সবাই মরবে’

ইব্রাহিম ও সবুজ জানায়, কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে পাড়ি দেয় তারা। তাদের কাছে বৈধ কোনো পাসপোর্ট-ভিসা ছিল না। ভারতের রায়গঞ্জে ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের আটক করে। এরপর তারা ‘রায়গঞ্জ সেফ হোমে’ তিন বছর ধরে আটক ছিল।

এদিকে বাংলাদেশের হিলি অভিবাসন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবীর জানান, ‘অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তারা আটক হয়। এরপর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে বুধবার তাদের হস্তান্তর করা হয়েছে।

এ সময় সেখানে দুই দেশের অভিবাসন পুলিশের ওসি, বিজিবি-বিএসএফ ও সেফ হোমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি দুই কিশোর