মার্চের মধ্যে রানা প্লাজায় ১ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে প্রাইমার্ক

সাভারে রানাপ্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সাহায্যে দীর্ঘমেয়াদী  ক্ষতিপূরণ বাবদ এক কোটি মার্কিন ডলার  আগামী মার্চ মাসের মধ্যে পরিশোধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে পোশাক আমদানিকারক আন্তর্জাতিক প্রতিষ্ঠান প্রাইমার্ক। পশ্চিম লন্ডনের একটি রেস্তরাঁয় সোমবার সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তারা একথা জানান।

এতে বলা হয়, ২০১৩ সালে রানা প্লাজা ধসে প্রাইমার্কের সাপ্লায়ার ‘নিউ ওয়েভ বট্মেস’র নিহত শ্রমিকদের  পরিবার এবং আহত শ্রমিকদের পুনর্বাসনে চলতি বছরের মার্চের মধ্যে ১০ মিলিয়ন বা এক কোটি মার্কিন ডলার দীর্ঘমেয়াদী ক্ষতিপূরণ হিসাবে প্রাইমার্কের পক্ষ থেকে পরিশোধ করা হবে। পূর্বের হিসাব অনুযায়ী এটা ছিল ৯ মিলিয়ন। কিন্তু আন্তর্জাতিক শ্রমিক সংস্থার মাধ্যমে পরিচালিত অনুসন্ধানে আরো কিছু ক্ষতিগ্রস্ত  শ্রমিকের খোঁজ পাওয়ায় ১ মিলিয়ন ডলার বাড়ানো হয়েছে। এছাড়া অন্য ক্ষতিগ্রস্তদের জন্য ‘রানা প্লাজা ডোনার্স ট্রাস্ট ফান্ড’-এ  প্রাইমার্ক আরো ১ মিলিয়ন ডলার ইতিমধ্যে দান করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, রানাপ্লাজা ট্রাজেডি ভিকিটমেদর জন্য সর্বমোট ১৪ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে প্রাইমার্ক প্রতিজ্ঞাবদ্ধ। এরমধ্যে খাদ্য ও তাত্ক্ষণিক সহায়তা বাবদ রয়েছে ২ মিলিয়ন ডলার।
দুর্ঘটনার পর পরই প্রাইমার্কের এ্যাথিক্যাল ট্রেড ডাইরেক্টর ক্যাথিরন স্টুয়ার্ট বাংলাদেশে গিয়ে ভিকটিমদের জরুরি সহায়তা নিশ্চিত করেছেন উল্লেখ করে বলা হয়, ‘আমরা রানা প্লাজার পাশেই একটি হেল্পডেস্ক খুলে নিহত-আহত শ্রমিকদের তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের পরিবারগুলোকে জরুরি সহায়তা নিশ্চিত করেছি।’ এসময়ে স্থানীয় বেসরকারি সংস্থার মাধ্যমে ৫ সপ্তাহ ধরে ১ হাজার ২৬৫টি পরিবারকে প্যাকেটজাত খাদ্য সরবরাহ করা হয়। এতে চার সদস্যের একটি পরিবারের জন্য প্রতিটি প্যাকেটে এক সপ্তাহের খাবার ছিল। এছাড়া ৩ হাজার ৬৩৯ জন শ্রমিকের ৯ মাসের বেতনের সমপরিমাণ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রদান করা হয়েছে বলে জানানো হয়। রানা প্লাজায় ভিকটিমদের কল্যাণে এখনো প্রাইমার্ক কাজ করছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, ক্ষতিগ্রস্তদের সার্বিক দেখাশোনা ও তাদের সন্তানদের ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার ব্যবস্থাসহ অক্ষম বয়স্কদের চলতি বছরের শেষ নাগাদ দেখভাল করা হবে।
আরো বলা হয়, গতবছর বাংলাদেশ থেকে প্রাইমার্ক ১৮৪ মিলিয়ন পিস বিভিন্ন প্রকার পোশাক আমদানি করেছে। চলতি বছরে তা বেড়ে হবে ২০০ মিলিয়ন পিস। বাংলাদেশ থেকে এই কোম্পানির মোট চাহিদার মাত্র ১৪ শতাংশ আমদানি করে । 

উল্লেখ করা হয় বাংলাদেশে প্রাইমার্কের ৯টি এ্যাথিক্যাল ট্রেডিং টিম কাজ করছে। বিশ্বব্যাপী রয়েছে ৫০টি। এসব টিমের কাজ হচ্ছে কারখানার মান মনিটরসহ বিভিন্ন ইস্যু চিহ্নিতকরণ এবং প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের কর্মকর্তা পল লিস্টার, ক্যাথিরন স্টুয়ার্ট, ফেলিক হাওয়ার্ড- অ্যালেন ও ইসমাইল মোহাম্মাদ উপস্থিত ছিলেন।